কোমরে ওড়না বেঁধে ছেলেদের সঙ্গে শুরু ক্রিকেট, বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল হরমনপ্রীত

Online Desk

ডিজিটাল ডেস্ক: কোমরে ওড়না বেঁধে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে যাঁর ক্রিকেট অভিযান শুরু হয়েছিল আজ সেই হরমনপ্রীত কৌরের হাতে বিশ্বকাপ ট্রফি। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে যা প্রথমবার। তার হাত ধরেই অবশেষে বিশ্বজয় ভারতের মহিলা দল। ভারতের প্রথম অধিনায়ক হিসাবে মহিলাদের বিশ্বকাপ জিতেছেন হরমনপ্রীত কৌর। এর আগে দু’বার ফাইনালে গিয়ে হারতে হয়েছিল। এ বার সেই বেড়া ভেঙেছেন হরমনপ্রীতেরা। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে অধিনায়কের প্রতিশ্রুতি, এ বার এই জেতা অভ্যাসে পরিণত করতে চান তিনি।

একসময় ঝুলন গোস্বামী বা মিতালি রাজরা যে জায়গাটা করেছিলেন, সেটাকেই এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিলেন ৩৬ বছর বয়সি হরমনপ্রীত। অভিভাবকরা এখন তাঁর কন্যাকে বলতেই পারেন, দেখো, হরমনপ্রীতের মতো হতে হবে। উঠতি ক্রিকেট প্রতিভাদের ঘরে ঘরে থাকবে ‘হ্যারি দিদির’ পোস্টার। এই তো কদিন আগে ভারত টানা তিনটি ম্যাচ হারার পর কত সমালোচনা হয়েছিল। এখন সেই হরমনপ্রীতই জনগণমন অধিনায়িকা। ইতিহাস গড়ার পর হরমনপ্রীত বললেন, এই জনসমর্থনের জন্য ধন্যবাদ। উত্থানপতনে এভাবে আমাদের পাশে থাকার জন্য। আমার বাবাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আমরা এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। এবার জয়টাকে অভ্যাসে পরিণত করতে হবে।

Share This Article
Leave a comment