কোচবিহার: ‘আজকে দুপুরে দু’দিনের সফরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ২০২৪ সালে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী এসেছিলেন। এবার ফের তিনি কোচবিহার সফরে আসছেন এবং এদিন কোচবিহারে একটি প্রশাসনিক বৈঠক করবেন। রবীন্দ্রভবনে সেই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি খতিয়ে দেখবেন। এছাড়া বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তার। সেজন্য প্রশাসনিক বৈঠকের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
লোকসভা ভোটের পর এসআইআর আবহে কোচবিহারবাসীকে বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কোচবিহারের রাজার শহরের রাসমেলার মাঠে আগামিকাল মঙ্গলবার একটি বিশাল জনসভা করবেন। ইতিমধ্যে সেই জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্য্যায়। চলছে শেষলগ্নের প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর কোচবিহার আগমনকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে শহর কোচবিহার। এ বিষয় রবিবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দিনের সফরে সোমবার কোচবিহার পৌঁছবেন। রবীন্দ্রভবনে একটি প্রশাসনিক বৈঠক করবেন। তারপর রাতে কোচবিহারেই থাকবেন। মঙ্গলবার তাঁর কোচবিহার রাসমেলার মাঠে জনসভা রয়েছে, সেই জনসভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করতে সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে যাতে লক্ষাধিক কর্মী সমর্থক উপস্থিত হতে পারেন, তারজন্য প্রতিটি অঞ্চলে প্রস্তুতি কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা জুড়ে যে সমস্ত প্রকল্পের কাজ চলছে সেগুলো যাতে দ্রুত শেষ করা সে বিষয়েও বৈঠক থেকে মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেবেন বলেই মনে করা হচ্ছে।