মেখলিগঞ্জ: শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির পর যার নাম জড়ায় তিনি হলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিরকারীর নাম। শিক্ষক নিয়োগ মামলায় তাঁর কন্যার নাম জড়ানোয় বিতর্ক বেধেছিল। শেষমেশ চাকরিও যায় পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর।
তবে, এবারের ছাব্বিশের বিধানসভা ভোটে শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির বিধানসভা ভোটে টিকিট না মিললেও একদা তার দপ্তরের ডেপুটি পরেশ চন্দ্র অধিকারী উপরই ভরসা রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক পরেশচন্দ্র অধিকারীই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১ নং বিধানসভা কেন্দ্রে পরেশের নাম ঘোষণা করেন তৃনমূল সুপ্রিমো।
বাম আমলে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক থাকার পাশাপাশি রাজ্যের খাদ্য মন্ত্রী ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। তবে রাজ্যে ২০১১ সালে পালা বদলের পর ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন পারেশ। দলবদলের পর উনিশের লোকসভা ভোটে কোচবিহার আসনে তৃনমূলের টিকিট পান তিনি। যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হতে হয় তাকে। এরপর ২০২১ সালে বিধানসভা ভোটে কোচবিহারের মেখলিগঞ্জ আসন থেকে তাকে প্রার্থী করে তৃনমূল কংগ্রেস।
একুশের নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ীও হন তিনি। ২০২১ সালের ১০ মে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হন। ২০২২ সালের ৩ অগস্ট পর্যন্ত প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। নাম জড়ায় পরেশের মেয়ের। মেধা তালিকায় জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।
২০২২ সালে হাইকোর্টের নির্দেশে তাঁর চাকরি বাতিল হয়। এবং তাঁকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপরেই তাকে শিক্ষা প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়। সিবিআই ডেকে তাকে জিজ্ঞাসাবাদও করে। মেয়েকে নিয়ে ইডি দপ্তরে হাজিরাও দেন পরেশ।
ছাব্বিশের বিধানসভা ভোটে পরেশচন্দ্র অধিকারী টিকিট পাবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল শাসক বিরোধী সর্বত্র।
তবে মঙ্গলবার রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে ১ নং আসনে পরেশচন্দ্র অধিকারীর উপরই আস্থা রাখল তৃণমূল। শাসকদল মেখলিগঞ্জে ভোট বৈতরণী পেরতে সেই পরেশকেই প্রার্থী করলো রাজ্যের শাসক দল।
অন্যদিকে, কোচবিহার জেলার ৯ টি আসনের মধ্যে বিজেপি চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেও মেখলিগঞ্জ আসনে তাদের প্রার্থী কে হবে সেটা এখনো ঘোষণা করে নি বিজেপি।