উত্তরের কবি সুবীর সরকারের গুচ্ছ কবিতা।

Online Desk

উত্তরের কবি সুবীর সরকারের ৫টি কবিতা ।

১/ লাটিম

আমরা বিপন্ন হয়ে উঠতে জানি

সাপ ও সাপের খোলস

দিনদুপুরে ফুটবল খেলে দেখি

লাটিম ঘুরছে

বন ও বাদাড়ে

 

২/ বাঘ 

ভোরবেলা নদী পেরচ্ছে বাঘ।

এই দৃশ্য যারা দেখেন,

তারা কিন্তু উড়ন্ত পাখির ছায়ায়

দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন।

দূরে কাছে বাজনা। নাচ।

নাচ ও গান নিয়ে

পরিভ্রমণ সেরে ফেলা।

এদিকে নদী পেরোন বাঘটি

নখ ঘষছে গাছের শরীরে।

 

৩/ ঘাম

পাখিদের গ্রাম…

রেখে আসি মনস্তাপ

তোমার আঙুল ছুঁই।

ভালবাসি ঘামের গন্ধ,

নদীর জলে ঠোঁটের ছায়া

৪/ শিকার

‘ভেঙে যাওয়া স্মৃতি আর স্মৃতির ভেতর ঢুকে পড়া

দোনলা বন্দুক’

আদিগন্ত শিকার সম্ভাবনা।

শিকারীরা নেমে আসে কুয়াশার মাঠে।

 

৫/ শিস

গোপন ডেরায় শিস বাজলে

তন্ত্রমন্ত্র ও গানের কথা

মনে হয়

পিঠে পাখা নেই যে উড়ে যাব!

প্রকল্প বাস্তবায়িত হোক।আমরা হাত রাখি খোঁপার কাঁটায়।

Share This Article
Leave a comment