কোচবিহারের প্রয়াত সাংবাদিক সুমিতেশ ঘোষের স্ত্রীকে চাকরি দিচ্ছেন মূখ্যমন্ত্রী
কোচবিহার: মুখ্যমন্ত্রী তার নিজের কোটায় চাকরি দিচ্ছেন প্রয়াত কোচবিহারের সাংবাদিক সুমিতেশ ঘোষের স্ত্রী শিপ্রা ঘোষকে। সোমবার কোচবিহারের রবীন্দ্রভবনে সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানের আগে সাংবাদিকদের একথা জানান তিনি নিজেই। সোমবার রবীন্দ্রভবনে অনুষ্ঠানের আগেই আলাদা করে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত সব সাংবাদিককে ইংরেজি নতুন বছরের জন্য উপহার তুলে দেন। সে সময়ই সাংবাদিকদের পক্ষ থেকে মাস দুয়েক আগে সাংবাদিক সুমিতেশ ঘোষের (৪৯) অকাল প্রয়াণের কথা জানানো হয়। সব শুনে জেলাশাসক রাজু মিশ্রকে ‘নোট’ করে নিতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের তো কোটা আছে। আমি সুমিতেশ ঘোষের স্ত্রীকে চাকরি দেব আমার কোটা থেকে।’ মুখ্যমন্ত্রীর এমন আশ্বাসে স্বভাবতই খুশি জেলার সাংবাদিক মহল।
প্রসঙ্গত, কয়েক মাস আগে প্রচন্ড আর্থিক অনটনে পড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সাংবাদিক সুমিতেশ। তার স্ত্রী শিপ্রা ঘোষ বলেন, ‘কী বলে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাব, জানি না। দুই মেয়েকে নিয়ে এবার বাঁচতে পারব। মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম। কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাংবাদিকদের নিয়ে এত ভাবেন এটা তারই নিদর্শন। তিনি আমাদের ক্লাবও তৈরি করে দিয়েছেন, যার কাজ চলছে। এদিকে প্রবল আর্থিক অনটনে পড়া সিনিয়র সাংবাদিক সুমিতেশ ঘোষের স্ত্রীকে চাকরি দেওয়ার যে কথা মুখ্যমন্ত্রী জানালেন, আজ তার জন্য ওঁকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না।