দিনহাটা: ফের দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে দিনহাটায় বিজেপি শহর মণ্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পরিবারের দাবি, হামলার সময় বিদ্যুৎ মজুমদার কর্মসূত্রে বাড়িতে উপস্থিত ছিলেন না। তবুও তার অনুপস্থিতিতেই বাড়িতে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাড়ির টিনের বেড়া ও দরজা-জানলা ভাঙচুর করেছে বলে অভিযোগ। যদিও বিজেপির নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
এবিষয়ে দিনহাটার বিজেপি নেতা কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, গতকাল রাতে তৃণমূলের গুন্ডাবাহিনী কাপুরুষের মতো আমাদের মণ্ডল সভাপতির বাড়িতে হামলা চালিয়েছে। দিনহাটায় তৃণমূলের জনসমর্থন না থাকায় এভাবে ভয় দেখানোর রাজনীতি করছে।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ওসব ভিত্তিহীন অভিযোগ। দিনহাটায় বিজেপি দলটাই নেই। শুনেছি সে নাকি বাড়িতেই থাকে না। নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করে প্রচারে আসার কৌশল।