ফের কোচবিহারের বাণেশ্বর শিবদিঘিতে মোহনের মৃত্যু, উদ্বেগ

Online Desk

বানেশ্বর, কোচবিহার: ফের কোচবিহারের বাণেশ্বর শিবদিঘিতে দুটি মৃত মোহন (কচ্ছপ) ভেসে উঠল বুধবার। আর একের পর এক মোহনের (কচ্ছপ) মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে। আগেও এই শিবদিঘি থেকে একাধিক মোহনের মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে যদি পরপর শিবদিঘিতে মোহনের মৃত্যু হয় তাহলে আগামীদিনে এখানে এদের অস্তিত্বই থাকবে না।

বাণেশ্বর এলাকায় শিবদিঘি ছাড়াও অন্যান্য পুকুর, জলাশয়ে মোহনদের বসবাস রয়েছে। সেখানে তারা ভালোই রয়েছে। কিন্তু শিবদিঘিতে এভাবে মোহনদের মৃত্যু স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। এই বিষয়ে তারা প্রশাসনিক উদাসিতার কথাও বলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনাও শুরু করেছে স্থানীয় মোহন রক্ষা কমিটি।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই কোচবিহারের বাণেশ্বর শিবদিঘিতে মোহনদের মৃত্যুকে নিয়ে নানাভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে। এই মোহনদের সঙ্গে কোচবিহার রাজ পরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে। স্থানীয়রা মোহনদের দেবতা জ্ঞান করেন। এছাড়াও এলাকা থেকে মোহন চুরির অভিযোগ ওঠে মাঝে মাঝে। এই পরিস্থিতিতে মোহন রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাণেশ্বরের মোহন রক্ষা কমিটির সভাপতি তথা জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন বলেন, আজকে শিব দীঘিতে আরও দুটি মোহনের মৃত্যু হয়েছে। শিবদিঘি যেন মোহনদের মৃত্যুপুরী হয়ে গিয়েছে। অথচ, আশপাশের জলাশয়ের মোহনরা ভালোই আছে। তাদের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই, তাই তারা ভালো আছে। তারা অবাধে ঘোরাফেরা, খাওয়াদাওয়া করতে পারে। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। মহারাজাদের মোহন দিনের পর দিন অসুস্থ হচ্ছে। এসব মেনে নেওয়া যায় না। আমরা আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছি।

কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, শিবদিঘিতে দুটি মোহনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে তাদের মৃত্যুর কারন জানতে।

Share This Article
Leave a comment